এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ৫০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ, ২ আগস্ট শুরু ক্লাস!
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের বাছাই পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী। দেশের ৬৪টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথাগত পড়াশোনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জনে তরুণদের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টিই যেন এতে ফুটে উঠেছে।
প্রতিবেদনে জানানো হয়, এআই প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে দেশজুড়ে প্রায় ৮৩ হাজার আবেদন জমা পড়েছিল। প্রাথমিক বাছাই শেষে ৫০ হাজার যোগ্য আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুর পরীক্ষাকেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করেন প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান ও ঢাকা জেলার উপপরিচালক এ কে এম শাহরিয়ার। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও আসনব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
প্রকল্প পরিচালক জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের মাধ্যমে প্রশিক্ষণার্থী চূড়ান্ত করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে আগামী ২ আগস্ট থেকে ৬৪ জেলায় একযোগে প্রশিক্ষণ শুরু হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত দুই বছর মেয়াদি এই প্রকল্পে মোট ১১ হাজার ২০০ জন যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনকে বেসিক এবং ১ হাজার ৬০০ জনকে অ্যাডভান্সড কোর্স করানো হবে। বেসিক কোর্সে চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনাই, ক্যানভার মতো প্রয়োজনীয় টুলস এবং অ্যাডভান্সড কোর্সে মিডজার্নি, জ্যাপিয়ার, নোশন এআই ও অ্যাডোবি সেনসেই-এর মতো আধুনিক এআই প্রযুক্তির ওপর ৩০০ ঘণ্টার বিষদ প্রশিক্ষণ দেওয়া হবে।