একযোগে সব অপারেটিং সিস্টেমে জরুরি নিরাপত্তা হালনাগাদ আনল অ্যাপল, কেন এই পদক্ষেপ?
আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা নিশ্চিত করতে হঠাৎ করেই বড় ধরনের সিকিউরিটি আপডেট প্রকাশ করেছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই আপডেটের মাধ্যমে তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও বেশি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ত্রুটি অত্যন্ত সংবেদনশীল ছিল, যেগুলোর সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীদের অজ্ঞাতেই ডিভাইসগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারত।
প্রকাশিত তথ্যে দেখা যায়, নতুন এই হালনাগাদে আইওএস ও আইপ্যাডওএসে ৭৫টির বেশি এবং ম্যাকওএস টাহোতে ১৫০টির বেশি সিকিউরিটি ফ্ল সংশোধন করা হয়েছে। এসব ত্রুটি অপারেটিং সিস্টেমের রুট বা কার্নেল স্তরে থাকায় হ্যাকাররা ইচ্ছেমতো কোড চালানো কিংবা স্যান্ডবক্স নিরাপত্তাবেষ্টনী বাইপাস করার ঝুঁকি তৈরি হয়েছিল। অ্যাপলের সাফারি ব্রাউজারের ওয়েবকিট ইঞ্জিনের ত্রুটিগুলোও সারিয়ে তোলা হয়েছে, যার ফলে ক্ষতিকর ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস বা ফিশিং আক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
কার্নেল স্তরের মেমোরি ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা হঠাৎ করে ডিভাইস বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও, অ্যাপল নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত এই ত্রুটিগুলো ব্যবহার করে বাস্তবে কোনো সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।
তবে যেহেতু এই নিরাপত্তাহীনতাগুলোর কথা এখন জনসমক্ষে চলে এসেছে, তাই হ্যাকাররা পুরনো সংস্করণের ডিভাইসগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব অ্যাপল ব্যবহারকারীকে দ্রুততম সময়ের মধ্যে নিজেদের ডিভাইসগুলো সর্বশেষ সংস্করণে আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।