আন্দোলনকারীদের শরীরে ছররা গুলির আঘাত, দিল্লিতে পেলেট ব্যবহারের খবর অস্বীকার পুলিশের!
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি (পেলেট) ব্যবহারের অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দিল্লির ঐতিহ্যবাহী সফদরজং হাসপাতালের কেস শিটে আন্দোলনকারীদের শরীরে ছররা গুলির আঘাতের প্রমাণ পাওয়া গেলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে পেলেট বন্দুক ব্যবহারের দাবি অস্বীকার করেছে।
প্রতিবেদনে জানানো হয়, নিট জালিয়াতির প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা। সে সময় যন্তর মন্তরে আন্দোলনকারীদের থামাতে কাঁদানে গ্যাস ও টিয়ারশেলের পাশাপাশি ছররা গুলিও ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে আনা এক ২৮ বছর বয়সী বিক্ষোভকারীর ডান কনুই ও পিঠে ছররা গুলির আঘাত ও বিদ্ধ টুকরো উদ্ধার করেছেন চিকিৎসকেরা।
এছাড়া নজফগড়ের এক ১৮ বছর বয়সী আন্দোলনকারী শিক্ষার্থীর চোখে পেলেট বিদ্ধ হয়ে ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুগ্রামের এক যুবকের মুখে একাধিক ছররা গুলির আঘাত লেগেছে।
তবে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। পুলিশের দাবি, আন্দোলন দমনে কোনো ধরনের ছররা গুলি ব্যবহার করা হয়নি। অন্যদিকে এই ঘটনায় কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধী প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রতি ‘অকারণ নিষ্ঠুরতা’ বন্ধ করে অবিলম্বে সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।