একরামুল হত্যা মামলা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার থাকা অপর ৩ আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি মামলায় আনা অভিযোগ তুলে ধরে ফরমাল চার্জ আমলে নেওয়ার আবেদন জানান। পরে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল (অবসরপ্রাপ্ত) আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা আশিকুর রহমান। অভিযুক্তদের মধ্যে আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ ও মাহাবুব আলম বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন যুবলীগ নেতা ও কাউন্সিলর একরামুল হক। নিহতের সময় তাঁর মেয়ের আকুতি ‘আব্বু তুমি কান্না করতেছ যে...’ সম্বলিত অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল।