সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

প্রকাশ: 29 Jul, 2026 | 08:44 AM
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া কাউকে নতুন করে গ্রেপ্তার না দেখানো কিংবা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ সাময়িকভাবে বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার (২৯ জুলাই) এ সিদ্ধান্ত প্রদান করেন। একই সঙ্গে এ-সংক্রান্ত রুলটি হাইকোর্টে আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবীদের তথ্যমতে, জামিন পাওয়ার পর এজাহারে নাম নেই এমন নতুন কোনো মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে কারাগারে থাকা একাধিক ব্যক্তি ও তাঁদের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পূর্ববর্তী এক আদেশে সুনির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। আপিল বিভাগে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখা হয় এবং লিভ টু আপিলটি নিষ্পত্তি করে দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম।

আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ব্রিফিংয়ে জানান, হাইকোর্টের আদেশ স্থগিত করার অর্থ হলো যদি কোনো ফৌজদারি অপরাধের এজাহারে কোনো ব্যক্তির নাম প্রাথমিকভাবে না-ও থাকে, তবে তদন্তকারী কর্মকর্তা তদন্তপ্রক্রিয়ায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী তাঁকেও গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারবেন।