২৩ সেপ্টেম্বর লন্ডনে প্রদর্শিত হবে জয়া আহসানের ‘হিউজ অব লংগিং’

প্রকাশ: 02 Sep, 2026 | 08:02 AM
২৩ সেপ্টেম্বর লন্ডনে প্রদর্শিত হবে জয়া আহসানের ‘হিউজ অব লংগিং’

বাংলাদেশি তারকা জয়া আহসান অভিনীত ভিজ্যুয়াল ডিরেকশনের নতুন ধারার সিনেমা ‘হিউজ অব লংগিং’ (Hues of Longing) জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ধারার অন্যতম প্রধান উৎসব ‘১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল (LFFF) ২০২৬’-এ। আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত লেস্টার স্কয়ারের ভিআইপি ভেন্যু ‘ভিউ ওয়েস্ট এন্ড’-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে অফিশিয়াল সিলেকশন ক্যাটাগরিতে প্রদর্শিত হবে ছবিটি।

মুম্বাই-ভিত্তিক প্রখ্যাত জাতীয় পুরস্কারজয়ী প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইয়ানুস ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছোট দৈর্ঘ্যর কাব্যিক সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন অভিজ্ঞ জুটি রণদীপ ভট্টাচার্য এবং যুদ্ধাজিৎ বাগচী। ভালোবাসার ব্যাকুলতা, স্মৃতি ও অপেক্ষাকে উপজীব্য করে নির্মিত এই ফ্যাশন চলচ্চিত্রে জয়া আহসানের অত্যন্ত সংযত ও অর্থবহ অভিনয়কে মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। সিনেমাটির অনন্য স্টাইলিং পরিচালনা করেছেন কলকাতার পোশাকশিল্পী ঋষভ।

বিগত ১২ বছর ধরে বিশ্বজুড়ে স্বাধীন ধারার সিনেমা এবং বিশ্বের বিখ্যাত সব লাক্সারি ব্র্যান্ডের ফ্যাশন ফিল্ম প্রদর্শনের জন্য লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল নিজেদের এক আলাদা মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। অতীতে গুচি, ডিওর, টম ফোর্ড, ক্যালভিন ক্লেইন এবং ভ্যালেন্টিনোর মতো নামকরা ব্র্যােন্ডর কাজ যেখানে স্থান পেয়েছে, সেখানে জয়া আহসান ও ইয়ানুস ফিল্মসের এই যৌথ উদ্যোগ বাংলার সিনেমা ও ফ্যাশন উদ্যোগের আন্তর্জাতিক সম্ভাবনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিষয়: বিনোদন