রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন!

প্রকাশ: 24 Jul, 2026 | 10:43 AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন!

অবশেষে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আজ শুক্রবার (২৪ জুলাই) তাঁর পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সার্বিক বিষয় জানাতে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার। 

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি ও অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

আজ দুপুরে চিকিৎসার জন্য ব্যাংকক থেকে নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে তৎকালীন সরকার পতনের পর থেকেই তাঁর পদে থাকা নিয়ে রাজনৈতিক আলোচনা চলছিল, যা অবশেষে তাঁর পদত্যাগের মধ্য দিয়ে ইতি টানল।