বহরে যুক্ত হচ্ছে বোয়িংয়ের ২১ নতুন উড়োজাহাজ, বড় বার্তা দিল ইউএস-বাংলা!
দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ ভাড়ায় আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১৫০ কোটি (১.৫ বিলিয়ন) ডলার বিনিয়োগের এই চুক্তির অধীনে আসা উড়োজাহাজগুলোর মধ্যে ১৫টি থাকবে বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বার্ষিক যাত্রী সেবা দেওয়ার ক্ষমতা বেড়ে দাঁড়াবে ২ কোটি ৪০ লাখে। ক্রমবর্ধমান এই সেবা ও যাত্রীদের চাহিদা মেটাতে ইউএস-বাংলার এই নতুন উড়োজাহাজ সংযোজন বড় ভূমিকা রাখবে।
ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, দেশের আন্তর্জাতিক যাত্রী বাজারের বড় একটি অংশ এখনো বিদেশি এয়ারলাইনসগুলোর দখলে রয়েছে। ইউরোপ, ওশেনিয়া ও উত্তর আমেরিকার গন্তব্যগুলোতে সরাসরি ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন ওয়াইড-বডি বিমান যুক্ত করার প্রস্তুতি চলছে। এছাড়া নিজস্ব অর্থায়নে ২০০ জন পাইলট ও ১০০ জন বিমান প্রকৌশলী তৈরির প্রশিক্ষণ কর্মসূচিও চালু করেছে ইউএস-বাংলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট (বিক্রয়) পল রেগি। তাঁরা এই চুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারত্ব শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে এক মাইলফলক হিসেবে আখ্যা দেন।