বিএনপি নেতাদের সঙ্গে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবিটি এআই দিয়ে তৈরি: ডিসমিসল্যাব
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর কর্মকর্তার বৈঠকের ছবি ও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।গতকাল শনিবার এক প্রতিবেদনে ডিসমিসল্যাব জানায়, এআই শনাক্তকরণ টুল, ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুল (হিটম্যাপ) এবং ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে ছবিগুলো ভুয়া।প্রতিবেদনে বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়াতে এআই প্রযুক্তি ব্যবহার করে ওই ভুয়া ছবিগুলো তৈরি করা হয়েছ...
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর কর্মকর্তার বৈঠকের ছবি ও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।
গতকাল শনিবার এক প্রতিবেদনে ডিসমিসল্যাব জানায়, এআই শনাক্তকরণ টুল, ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুল (হিটম্যাপ) এবং ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে ছবিগুলো ভুয়া।
প্রতিবেদনে বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়াতে এআই প্রযুক্তি ব্যবহার করে ওই ভুয়া ছবিগুলো তৈরি করা হয়েছে।
ডিসমিসল্যাব জানায়, গত ৩০ জানুয়ারি পাকিস্তানের 'সিন্ধু সেন্টিনেল গ্রিড' নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই পোস্টে দাবি করা হয়, নয়াদিল্লির ওবেরয় হোটেলে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টু ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর অপারেটিভ কর্নেল গৌরব দোগরার সঙ্গে উচ্চপর্যায়ের গোপন বৈঠক করেছেন।
এরপরই এক্স, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যে ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি এবং রিপোস্ট করা হয়েছে আড়াইশবারের বেশি। ভিডিওটিতে মোট চারটি ছবিতে বিএনপির দুই নেতাকে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ব্যবহারকারী ছবিগুলো 'আসল' ও 'মেটাডাটা যাচাই করা' উল্লেখ করে পোস্ট দেয়। এমনকি ইন্টারনেট থেকে বৈধভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়া 'অসিন্ট' প্ল্যাটফর্মের দোহাই দিয়েও একই দাবি করা হয়। পোস্টে ইঙ্গিত দেওয়া হয়, ছবিগুলো গোয়েন্দা সংস্থাটি নিজেই ফাঁস করেছে।
ডিসমিসল্যাব গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল 'সিন্থ-আইডি', ডিজিটাল ওয়াটারমার্ক টুল ও হিটম্যাপ বিশ্লেষণ করে দেখতে পায়—সবগুলো ছবিরই কোনো না কোনো অংশ এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। প্রতিটি ছবি আলাদাভাবে পরীক্ষার পাশাপাশি 'সিন্ধু সেন্টিনেল গ্রিড' এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটিও পরীক্ষা করে ডিসমিসল্যাব।
পরীক্ষায় খুবই উচ্চ মাত্রায় এআইয়ের উপস্থিতির প্রমাণ পেয়েছে তারা।
হিটম্যাপ বিশ্লেষণে দেখা যায় ছবির মূল চরিত্র, টেবিল ও হোটেলের লবির দৃশ্যের বড় অংশই কৃত্রিমভাবে তৈরি।
শাফিন রহমান নামে একজন ফেসবুক ব্যবহারকারী 'অসিন্ট' প্ল্যাটফর্মের বরাতে ছবিগুলো শতভাগ সত্য দাবি করলেও আসল ফাইল চাইলে কোনো উত্তর দেননি তিনি।
ডিসমিসল্যাবের অনুসন্ধানে আরও দেখা গেছে, 'সিন্ধু সেন্টিনেল গ্রিড' নামে এক্স অ্যাকাউন্টটি গত বছরের জুলাইয়ে খোলা হয়েছে এবং একই মাসে নাম (ইউজার নেম) পরিবর্তন করে ব্যবহারকারী। এটি পাকিস্তান থেকে পরিচালিত।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি জানায়, পাকিস্তান ছাড়া বাংলাদেশ, নিউজিল্যান্ড ও জার্মানির বেশকিছু এক্স অ্যাকাউন্ট একই ভিডিও শেয়ার করে অপপ্রচার চালিয়েছে।