ঢাকা বোট ক্লাবে নাসিরের দুর্নীতির পাহাড়: সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডা
ঢাকা বোট ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রুবেল আজিজ সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ৩০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। টাউন হল মিটিংয়ে দালিলিক প্রমাণ তুলে ধরার হুঁশিয়ারি দিয়ে রুবেল আজিজ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করেছেন, অন্যদিকে নাসির উদ্দিন একে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।
ঢাকা বোট ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি এখন উত্তপ্ত। ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদ এবং বর্তমান প্রেসিডেন্ট রুবেল আজিজের মধ্যেকার বাদানুবাদ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। সম্প্রতি ক্লাবের এক ‘টাউন হল’ মিটিংয়ে বর্তমান প্রেসিডেন্ট রুবেল আজিজ সরাসরি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পারিবারিক প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ এনেছেন, যার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন নাসির উদ্দিন মাহমুদ। তবে তার আমলের আয়-ব্যয়ের হিসাব নিয়ে উঠেছে দুর্নীতির পাহাড়সম অভিযোগ। অনুসন্ধানে জানা গেছে, নাসির উদ্দিন মাহমুদের মেয়াদে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।
টাউন হল মিটিংয়ে বর্তমান প্রেসিডেন্ট রুবেল আজিজ দালিলিক প্রমাণ তুলে ধরে জানান, নাসির উদ্দিন মাহমুদের সময়ে ক্লাবের তহবিলের ওপর পারিবারিক প্রভাব খাটানো হয়েছে। কেনাকাটার ক্ষেত্রেও তিনি নজিরবিহীন দুর্নীতির ইঙ্গিত দেন। একটি উদাহরণ টেনে তিনি বলেন, 'সাবেক প্রেসিডেন্টের সময়ে যে পণ্য ১ লক্ষ ৩০ হাজার টাকায় কেনা হয়েছে, বর্তমান কমিটি তা মাত্র ৮৫ হাজার টাকায় সংগ্রহ করছে।'
বর্তমান প্রেসিডেন্ট রুবেল আজিজ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এটি কেবল মৌখিক অভিযোগ নয়। আগামী সভায় প্রতিটি খরচের রিসিট এবং হিসাবের গরমিল নিয়ে একটি পূর্ণাঙ্গ ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ সদস্যদের সামনে তুলে ধরা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ক্লাবের অর্থ উদ্ধারে তিনি বদ্ধপরিকর।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন নাসির উদ্দিন মাহমুদ। তার মতে, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।